সিনজেন্টার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি সাংসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীর ক্ষতিগ্রস্ত টমেটোচাষিরা ক্ষতিপূরণ না পেলে এবার রাজশাহী-১ আসনের সাংসদ নিজেই বাদী হয়ে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গতকাল রোববার রাজশাহীর আদলত চত্বরে ক্ষতিগ্রস্ত কৃষকদের আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে সাংসদ ওই ঘোষণা দেন। ক্ষতিপূরণের দাবিতে গতকাল গোদাগাড়ী থেকে কয়েক শ কৃষক রাজশাহী আদালত চত্বরের শহীদ মিনার এলাকায় এসে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা রাজশাহী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। কৃষকেরা ২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আয়োজিত এই কর্মসূচিতে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী বক্তৃতা করেন। তিনি বলেন, ‘কৃষিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি সিনজেন্টার ব্যবস্থাপনা পরিচালককে আমার সঙ্গে কথা বলতে বলেছিলেন। তিনি কথাও বলেছিলেন। সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে তাঁদের প্রধান কোম্পানির সঙ্গে কথা বলে তিনি আমাকে জানাতে চেয়েছিলেন। কিন্তু এরপর থেকে তিনি আর যোগাযোগ করেননি।’ সাংসদ আরও বলেন, ‘আমি সংসদ সদস্য হিসেবে সরকারের কাছে অনুরোধ জানাব, এই কোম্পানির লাইসেন্স যেন বাতিল করে দেওয়া হয়। আর যদি তারা ক্ষতিপূরণ না দেয় তাহলে কৃষকদের পক্ষ থেকে আমি বাদী হয়ে সিনজেন্টা কোম্পানির বিরুদ্ধে মামলা করব।’ রাজশাহীর গোদাগাড়ীতে এবার প্রায় চার হাজার হেক্টর জমিতে টমেটো চাষ করেন কৃষকেরা। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে প্রায় ৮০ শতাংশ জমিতে কৃষকেরা সিনজেন্টা কোম্পানির বীজ ব্যবহার করেন। কিন্তু তাঁদের জমিতে গাছ হলেও টমেটো হয়নি। ক্ষতিগ্রস্ত টমেটোচাষিরা বীজ সরবরাহকারী সিনজেন্টা কোম্পানির লাইসেন্স বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে গত ২৩ নভেম্বর বিক্ষোভ, সমাবেশ করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছিলেন।