সিনথেটিক কারখানার অনুমতি নিয়ে বিশ্বাস গ্রুপের ডায়িং কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনথেটিক কারখানা স্থাপনের অনুমতি নিয়ে ডায়িং কারখানা স্থাপন করার অপরাধে বিশ্বাস গ্রুপকে এক কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ধামরাই-আশুলিয়াসংলগ্ন স্থানে কারখানা স্থাপন করে পাকুরিয়া বিলে অপরিশোধিত বর্জ্য ফেলার অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে ধামরাই-আশুলিয়াসংলগ্ন পাকুরিয়া বিলে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর বিশ্বাস সিনথেটিক লিমিটেডের অবৈধ ওই ডায়িং কারখানার সন্ধান পায়। এ কারখানা থেকে অবিরাম রাসায়নিক মিশ্রিত দূষিত তরল বর্জ্য ফেলায় পাকুরিয়া বিলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল সোমবার র‌্যাব-২-এর সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের অভিযানে দেখা গেছে, কারখানার মালিক মঈনউদ্দিন বিশ্বাস পরিবেশ অধিদপ্তর থেকে ২০০৬ সালে সিনথেটিক কারখানার অনুমতি নিয়ে পরিবেশ অধিদপ্তরের অগোচরে সম্পূর্ণ বেআইনিভাবে সেখানে ২০০৭ সালে একটি ডায়িং ইউনিট চালু করেন। এ ইউনিটে দৈনিক ১৫ মেট্রিক টন সিনথেটিক ফেব্রিক্স ডায়িং করা হচ্ছে। এ ডায়িং কারখানার অনুকূলে কোনো ছাড়পত্র নেওয়া হয়নি।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ডায়িং কারখানা একটি ‘লাল’ ক্যাটাগরিভুক্ত বা গুরুতর পরিবেশ দূষণকারী শিল্প। এনফোর্সমেন্ট টিম কারখানায় আকস্মিক প্রবেশ করে ইটিপি অচল রাখার ঘটনা উদ্ঘাটন করে। এ কারখানা থেকে নির্গত লাখ লাখ লিটার দূষিত বর্জ্যে পাকুরিয়া বিল সয়লাব হয়ে গেছে। ফলে একসময়কার ম ৎস্য সম্পদে প্রাচুর্যময় বিলটি বর্তমানে ম ৎস্যশূন্য হয়ে পড়েছে।অভিযানে দেখা যায়, এ কারখানা থেকে সাড়ে তিন বছরে সাড়ে চার লাখ ঘনমিটার দূষিত তরল বর্জ্য পাকুরিয়া বিল ও বংশাই নদে মিশেছে। কারখানার শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কারখানার ইটিপি মাসের পর মাস বন্ধ রাখা হয় এবং চোরাই পথে বিলে দূষিত পানি নির্গত করা হয়।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিনথেটিক কারখানার অনুমতি নিয়ে বেআইনিভাবে ডায়িং ইউনিট স্থাপন ও পরিচালনার অপরাধে কারখানার মালিক মঈনউদ্দিন বিশ্বাসকে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর কারণ দর্শানো হলেও এর কোনো জবাব তারা দেয়নি। এ কারখানার দূষিত পানি শুধু পাকুরিয়া বিলই ধ্বংস করেনি, বিলের এ পানি বংশাই নদে ছড়িয়ে পড়ে পরিবেশ ও প্রতিবেশের গুরুতর ক্ষতিসাধন করছে। কারখানার মালিক মঈন উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে।