সিনহা গ্রুপে শ্রমিকদের বিক্ষোভ হামলা-ভাঙচুর, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সিনহা গ্রুপের শ্রমিকেরা গতকাল বুধবার বকেয়া বেতন ও চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ ও কারখানার গ্লাস ভাঙচুর করেছেন। এ সময় কমপক্ষে পাঁচজন শ্রমিক আহত হন।শ্রমিকেরা জানান, সিনহা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডেনিম পোশাক কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিকের এক মাসের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা না করে আইডি কার্ড রেখে তাঁদের (শ্রমিক) কারখানা থেকে বের করে দেয়। এর প্রতিবাদে গত মঙ্গলবার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। মালিকপক্ষ তাঁদের দাবি না মানলে গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগদান না করে সকাল আটটা থেকে কারখানার মূল ফটকে বিক্ষোভ করেন। এ ছাড়া উত্তেজিত শ্রমিকেরা কারখানার গ্লাস ভাঙচুর করেন। এ সময় মো. রহিম, পিএম মো. জাকিরসহ কমপক্ষে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে পরিস্থিতি শান্ত হয়। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে মালিকপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে।সিনহা গ্রুপের পরিচালক (প্রশাসন) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কিছু শ্রমিক কাজ না করেই বেতন-ভাতা দাবি করে। আমরা তাদের অন্যায় আবদার মানিনি বলে দুই দিন ধরে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।’ শ্রমিক বিক্ষোভের পেছনে একটি মহলের উসকানি আছে বলে তাঁর সন্দেহ।