সিনহা হত্যার মতো ঘটনা রোধে সতর্ক থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার মতো ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। এ ছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ করেছে কমিটি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় রাশেদের নিহত হওয়ার বিষয়টি আলোচনায় আনেন একজন সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৈঠকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তাই এখন কিছু বলা ঠিক হবে না। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যে–ই হোক, শাস্তি পেতে হবে।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক সাংবাদিকদের বলেন, কমিটি বলেছে, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সজাগ থাকতে হবে এবং পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করার লক্ষ্যে বিএসটিআইয়ের আদলে ডোপ টেস্ট বা বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটি আলাদা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়। মাদকসংক্রান্ত মামলার আসামিরা যাতে ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে, সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়। প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে এবং চূড়ান্ত পরীক্ষা দেওয়ার আগে ডোপ টেস্ট বা বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়।

শামসুল হকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. হাবিবর রহমান, সামছুল আলম, মো. ফরিদুল হক খান ও পীর ফজলুর রহমান অংশ নেন।