সিনিয়র সহকারী সচিবের তিন মাসের সাজা
আদালতের আদেশ অমান্য করার দায়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল হাসানকে (বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব) দেওয়ানি আইনে তিন মাসের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর এক বছরের বেতন ক্রোক করারও নির্দেশ দেওয়া হয়। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আখতারুজ্জামান গতকাল মঙ্গলবার এ রায় দেন। আদালত ও মামলা সূত্রে জানা যায়, জেলার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের চরকলসী গ্রামের মোসাম্মত্ সিজিলা আক্তার তাঁর ২ দশমিক ৫০ একর আয়তনে পুকুরে মাছ চাষ করে আসছিলেন। উপজেলা ভূমি কার্যালয় থেকে ওই পুকুর সরকারের খাস ভূমি (জলাশয়) হিসেবে অবৈধভাবে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর বিরুদ্ধে সিজিলা খাতুন ১৯৯৯ সালের ২৪ জানুয়ারি তাড়াইল জজ আদালতে মামলা করেন। আদালত সিজিলা খাতুনের পক্ষে রায় দেন। রায়ে বলা হয়, ‘বাদীকে কোনো ধরনের হয়রানি করা যাবে না।’ ওই রায়ের বিরুদ্ধে ২০০০ সালের ২ মে সরকার পক্ষ জেলা দায়রা জজ আদালতে আপিল করে। আপিলের পরিপ্রেক্ষিতে দায়রা জজ আদালত স্থিতাবস্থার আদেশ দেন। কিন্তু তত্কালীন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল হাসান বাদীকে নোটিশ পাঠানোসহ বিভিন্নভাবে হয়রানি করেন। আদালতের আদেশ অমান্য করার অভিযোগে সিজিলা আক্তার বাদী হয়ে ওই সহকারী কমিশনারের বিরুদ্ধে ২০০৩ সালের ২৭ জানুয়ারি জেলা জজ আদালতে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক গতকাল ওই রায় দেন।