জরুরি সিনেট অধিবেশন ডেকে উপাচার্য নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে কয়েকজন সিনেট সদস্য এ দাবি জানিয়েছেন। গতকাল থেকে দুই দিনব্যাপী সিনেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে ২০১০-১১ অর্থবছরের ২৬৭ কোটি ৫২ লাখ টাকার সংশোধিত বাজেট ও ২০১১-১২ অর্থবছরের ২৭৭ কোটি ২৯ লাখ টাকার বাজেট উত্থাপন করেন কোষাধ্যক্ষ মীজানুর রহমান।অধিবেশনে বিএনপি-জামায়াতপন্থী বলে পরিচিত সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন বলেন, ‘উপাচার্য, আপনি আপনার বক্তব্যে উল্লেখ করেছেন যে তৃতীয়বারের মতো সিনেটে বক্তব্য দিচ্ছেন। এটা আপনার সৌভাগ্য না আমাদের দুর্ভাগ্য, ভাবার বিষয়। নির্বাচনের জন্য বারবার তাগাদা দেওয়া হয়েছে, কিন্তু আপনি কোনো উদ্যোগ নেননি।’ সিনেট সদস্য আবুল হাসনাত বলেন, ‘প্রায় আড়াই বছর পার হলেও উপাচার্য নির্বাচন না দেওয়া অনৈতিক। শিক্ষক সমিতির সভাপতি এবং আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সমর্থনে গঠিত নীল দলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ‘উপাচার্য, আপনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন। তাই অচিরেই বিশেষ সিনেট অধিবেশন ডেকে উপাচার্য নির্বাচন দেবেন বলে আমরা আশা রাখি।’ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ১৯৭৩ অধ্যাদেশের ১১(১) ধারা অনুযায়ী উপাচার্য নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজ পরিচালনার ভার দেওয়া হয়। সূত্র জানায়, বর্তমানে উপাচার্য প্যানেল নির্বাচনে কোনো সমস্যা নেই। তার পরও নির্বাচন দেওয়া হচ্ছে না।সাদা দলের ওয়াকআউট: কার্জন হলের পাশে নির্মাণাধীন ছাত্রী হলটির নাম পরিবর্তনের বিষয়ে সিনেট অধিবেশন থেকে দুই মিনিটের জন্য ওয়াকআউট করেন বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকেরা। দুই মিনিট পর তাঁরা আবারও অধিবেশনে যোগ দেন। ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় হলটির নাম কবি ও নারী আন্দোলনের অগ্রপথিক বেগম সুফিয়া কামালের নামে নামকরণের প্রস্তাব অনুমোদিত হয়। বিগত চারদলীয় জোট সরকারের আমলে কাজ শুরু হওয়ার পর সিনেট সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে হলটি নামকরণের প্রস্তাব পাস হয়েছিল।সংসদ নির্বাচনে অংশ নিতে চান শিক্ষকেরা: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ৭৩-এর অধ্যাদেশে শিক্ষকদের রাজনৈতিক দলের সদস্য হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছুটি নিয়ে বা ডেপুটেশনে যাতে সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন, সেই দাবি তোলেন তিনি।