রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেটে শিক্ষক প্রতিনিধি, সিন্ডিকেট, শিক্ষা পরিষদ, ডিনসহ বিভিন্ন পদে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীদের সাদা প্যানেলের ভরাডুবি হয়েছে। অধিকাংশ পদেই জয় পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী আওয়ামী লীগপন্থীদের হলুদ প্যানেল।
গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সিনেটে শিক্ষক প্রতিনিধিদের মোট ৩৩টি পদের মধ্যে ৩০টি পদে হলুদ প্যানেল এবং বাকি তিনটি পদে সাদা প্যানেল জয়ী হয়েছে। সিন্ডিকেট সদস্য নির্বাচনে পাঁচটি পদের মধ্যে চারটি পদেই হলুদ প্যানেল ও একটি পদে সাদা প্যানেলের শিক্ষকেরা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আটটি অনুষদের ডিন পদের মধ্যে হলুদ প্যানেল ছয়টি, সাদা প্যানেল একটি এবং হলুদ প্যানেলের বিদ্রোহী প্রার্থী একটি পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া শিক্ষা পরিষদের ছয়টি পদের পাঁচটিতে হলুদ প্যানেল এবং একটি পদে সাদা প্যানেলের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। ফাইন্যান্স কমিটি এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির শিক্ষক প্রতিনিধিদের দুটি পদেই নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের শিক্ষকেরা।
সিন্ডিকেট সদস্য নির্বাচনে হলুদ প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে জাহাঙ্গীর আলম সাউদ, অধ্যাপক ক্যাটাগরিতে প্রাণিবিদ্যা বিভাগের সেলিনা পারভীন, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ইংরেজি বিভাগের আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের উজ্জ্বল হোসেন। সাদা প্যানেল থেকে প্রভাষক ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন ফিশারিজ বিভাগের আল-আমিন সরকার।