জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন কাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী প্যানেলে বিএনপিপন্থী একাধিক শিক্ষক প্রার্থী হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় বিএনপি ও আওয়ামীপন্থী অনেক শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন।জানা গেছে, চার বছর পর অনুষ্ঠিত সিনেট নির্বাচনে মোট ৩৩টি পদের বিপরীতে ‘মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি’র ব্যানারে আওয়ামীপন্থী এবং ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ও উদারপন্থী’ ব্যানারে বিএনপিপন্থী শিক্ষকেরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীপন্থী প্যানেল থেকে নির্বাচন করছেন অধ্যাপক ফিরোজা হোসেন, অধ্যাপক ফাহমিনা আহমেদ, সহযোগী অধ্যাপক মো. আবদুর রব, মুহাম্মদ তারেক চৌধুরী, মো. গোলাম মোস্তফা ও সৈয়দা শাহানারা হক। তাঁদের সবাই জিয়া পরিষদের সঙ্গে জড়িত এবং ২০০০ সালে তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্ববিদ্যালয়ে আসেন, তখন তাঁকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার জন্য বিবৃতি দিয়েছিলেন।বিএনপিপন্থী এসব শিক্ষক আওয়ামী প্যানেল থেকে নির্বাচন করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকেরা।