মেয়াদ শেষ হওয়ার ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। একই সঙ্গে আজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ডিন নির্বাচনও অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, সিনেটে শিক্ষকদের ৩৩টি পদে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি। তিন বছরের জন্য সিনেটে নির্বাচিত শিক্ষকদের মেয়াদ শেষ হয় ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি। ২০০৫ সালের অনুষ্ঠিত সিনেট নির্বাচনের পর আজ পর্যন্ত সিনেটের কোনো সভা অনুষ্ঠিত হয়নি।
অন্যদিকে, সিনেটের গুরুত্বপূর্ণ ২৫টি পদ রয়েছে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯৪ সালের ৩১ মে। মেয়াদ শেষ হয় ১৯৯৭ সালের ৩০ মে। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরির মেয়াদ শিক্ষক ক্যাটাগরির অনেক আগে শেষ হলেও এবারের সিনেট নির্বাচনে গ্র্যাজুয়েট ক্যাটাগরির নির্বাচন হচ্ছে না। আজকের নির্বাচনে কলা, আইন, বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি এবং প্রকৌশল অনুষদের আটজন ডিন, প্রাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষকদের মধ্যে থেকে একজন করে মোট পাঁচজন সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের জন্য ছয়জন, ফাইন্যান্স কমিটি এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির জন্য একজন করে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হবে।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রগতিশীল শিক্ষকসমাজ ‘হলুদ প্যানেল’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। অপর দিকে, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মিলে ‘সাদা প্যানেল’ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক জানান, আজ সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১ শতাধিক শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন।