সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন আজ বর্জন সাদা দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেটে শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে আজ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিন বছর মেয়াদি সিনেটের এই ক্যাটাগরিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০১ সালের ১০ ফেব্রুয়ারি।
তবে মেয়াদের শেষ সময়ে এসে উপাচার্যের এমন নির্বাচন দেওয়াকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ইতিমধ্যেই নির্বাচন বর্জন করেছেন বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকেরা। আজ তাঁরা নির্বাচনের সময়ে কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছেন।
সাদা দল বয়কট করায় এই ক্যাটাগরির নির্বাচনে অংশ নেওয়া ৪০ জন প্রার্থীই আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দলের অনুসারী। এঁদের মধ্যে ৩৩টি পদে ৩৩ জন শিক্ষক নির্বাচিত হবেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলমগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গ্রহণ করা হবে। মোট ১২টি ক্যাটাগরিতে ১০১ জনকে নিয়ে সিনেট কনভেনশন হয়। এর মধ্যে শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরির ৩৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সাদা দলের জ্যেষ্ঠ সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আ ন ম মুনির আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মেয়াদ শেষ হওয়ার ২৬ বছরেও সিনেটের রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরির নির্বাচন হয়নি। ২৪ বছর ধরে হচ্ছে না ছাত্র প্রতিনিধি নির্বাচন। সেগুলো বাদ দিয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেওয়া উপাচার্যের উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত। আমরা অনুরোধ করেছিলাম আগে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে নির্বাচন দিতে। এই ক্যাটাগরিতে নির্বাচন করার সিদ্ধান্ত এর আগে ২০০৫ সালে হয়েছিল। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। এ জন্য আমরা নির্বাচন বর্জন করেছি এবং ভোটাধিকারও প্রয়োগ করব না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হচ্ছে একটি ইতিবাচক দিক। তবে গ্র্যাজুয়েট ও ছাত্র প্রতিনিধি নির্বাচন হলে সিনেট পরিপূর্ণ হতো।
তবে সাদা দলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হচ্ছে। নির্বাচনে কারা আসবে, কারা আসবে না, এটি তাদের নিজস্ব ব্যাপার। কিছুদিন আগে শিক্ষক সমিতির নির্বাচনেও সাদা দল পরাজিত হয়েছে। সে কারণেও হয়তো তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে না।’