আগামী ৭ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১৯(১)(জ) ধারা অনুযায়ী সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
তফসিল অনুযায়ী প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৬ নভেম্বর। ভোটার-সংক্রান্ত আপত্তি দাখিলের শেষ সময় ১৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ নভেম্বর।
মনোনয়নপত্র গতকালই শিক্ষকদের কাছে বিজ্ঞপ্তির সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ সময় ২৩ নভেম্বর দুপুর দুইটা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৪ নভেম্বর বেলা ১১টায়। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার ক্লাবে সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি উপাচার্যকে শুধু সিনেটে উপাচার্য নিয়োগের প্যানেল তৈরির নির্দেশনা দিয়েছেন—আন্দোলনকারী শিক্ষকদের এমন দাবির পরিপ্রেক্ষিতে গত সোমবার এক সংবাদ সম্মেলনে নীল দল এবং সাধারণ শিক্ষক পর্ষদ জানায়, সিনেটে ৯৩ জন প্রতিনিধির মধ্যে ৩৩ জন শিক্ষক প্রতিনিধিসহ ৭৮ জন মেয়াদোত্তীর্ণ।
সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিলের আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়। আগামী ২ জানুয়ারি জাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।