সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থী ৩২ জন নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলের ৩২ জন ও বিএনপিপন্থী প্যানেলের একজন শিক্ষক নির্বাচিত হয়েছেন। দীর্ঘ চার বছর পর এই নির্বাচন হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত এ নির্বাচনে ‘মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির’ ব্যানারে আওয়ামীপন্থী এবং ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ও উদারপন্থী’ ব্যানারে বিএনপিপন্থী শিক্ষকেরা প্রতিদ্বন্দ্বিতা করেন। উভয় প্যানেলে ৩৩ জন করে প্রতিদ্বন্দ্বী ছিলেন। সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৪২৯ জন শিক্ষক ভোট দেন। রাত ১০টার দিকে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল থেকে নির্বাচিত শিক্ষকেরা হলেন: পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবুল হোসেন, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বখতিয়ার রানা, রসায়ন বিভাগের অধ্যাপক মো. আরজু মিয়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল খায়ের, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আল মাসুদ হাসানউজ্জামান, গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ হানিফ আলী, বাংলা বিভাগের প্রীথিলা নাজনীন নীলিমা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফিরোজা হোসেন, গণিত বিভাগের আবদুর রব, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এস এম বদিয়ার রহমান, রসায়ন বিভাগের কৌশিক সাহা, পদার্থবিজ্ঞান বিভাগের ফরিদ আহমদ ও আব্দুল মান্নান চৌধুরী, দর্শন বিভাগের ফাহমিনা আহমেদ, সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ ও মুহাম্মদ তারেক চৌধুরীু প্রমুখ। বিএনপিপন্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা।