সিনেটের অধিবেশন বর্জন করল সাদা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামীকাল শনিবারের সিনেটের বিশেষ অধিবেশন বর্জন করেছে বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল। ওই অধিবেশনে উপাচার্যের জন্য প্যানেল নির্বাচনের কথা রয়েছে।

সাদা দলের দাবি, অবিলম্বে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনসহ শূন্যপদ পূরণ করতে হবে। এরপর উপাচার্য প্যানেল নির্বাচন করতে হবে।

আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সাদা দলের আহ্বায়ক অধ্যাপক আখতার হোসেন খান।

লিখিত বক্তব্যে আখতার হোসেন খান বলেন, প্রায় চার বছরেরও বেশি সময় ধরে অনির্বাচিত উপাচার্যের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হওয়ার পর যখন ২০১৩ সালে উপাচার্যের প্যানেল নির্বাচন করা হয় তখন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিসহ অনেক সদস্যপদ শূন্য ছিল। আর এর প্রতিবাদে আমরা উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য সিনেট অধিবেশন বর্জন করেছিলাম। এরপর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় আগামীকাল শনিবারের সিনেট অধিবেশন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সাদা দল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১০৫ সদস্যবিশিষ্ট সিনেটে ৫৫ জন আছেন। বাকি ৫০টি পদ শূন্য। এর মধ্যে নির্বাচিত ৬৫টি পদের ৩০টিই শূন্য। ছাত্রপ্রতিনিধি ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নিয়েও সমালোচনা রয়েছে।

আগামী ২৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হবে। আগামীকাল সিনেটের অধিবেশনে উপাচার্য পদের জন্য তিনজনের প্যানেল নির্বাচনের কথা। সেখান থেকে একজনকে রাষ্ট্রপতি উপাচার্য হিসেবে নির্বাচন করবেন।

আরও পড়ুন
নীল দলের একটি প্যানেল বাতিল, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সমঝোতা
http://www.prothom-alo.com/bangladesh/article/1182836/