সিনেটের মাধ্যমে উপাচার্য নিয়োগের দাবি, বাজেট পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেটের মনোনয়নের ভিত্তিতে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা। একই সঙ্গে সিনেটের বিভিন্ন ক্যাটাগরিতে নিয়মিত নির্বাচন আয়োজনের মাধ্যমে এ পর্ষদটিকে সক্রিয় করার ওপর জোর দিয়েছেন সদস্যরা।গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ২৩তম সিনেট অধিবেশনে কয়েকজন সিনেট সদস্য এসব দাবি জানান। বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে এ অধিবেশন হয়। অধিবেশনে ২০১০-২০১১ অর্থবছরের সংশোধিত ১১৫ কোটি ২১ লাখ টাকা এবং ২০১১-২০১২ অর্থবছরের ১১৫ কোটি ৬০ লাখ টাকার বাজেট পেশ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সফিউল আলম।সিনেট সদস্য ও সমাজতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হাসানুজ্জামান চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই দশক ধরে সিনেটের মাধ্যমে উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে না। ভারপ্রাপ্ত উপাচার্য দিয়ে চলছে বিশ্ববিদ্যালয়। এ ধারা থেকে বেরিয়ে আসা উচিত। সিনেটের মাধ্যমে নিয়োগ না দেওয়ায় উপাচার্যরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না।বিশ্ববিদ্যালয়ের আওয়ামী-বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ প্যানেলের আহ্বায়ক ইমরান হোসেন বলেন, বর্তমান উপাচার্য গণতন্ত্রমনস্ক। তিনি সিনেটের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন।সিনেট সূত্রে জানা গেছে, বাজেটের মোট বরাদ্দের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ১০৩ কোটি ৬০ লাখ টাকা দেবে। বাকি ১২ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় থেকে আসবে বলে বাজেটে দেখানো হয়েছে।সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে উপাচার্য আনোয়ারুল আজিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দে আমাদের বিশেষ কোনো স্বাধীনতা থাকে না। তবু আমরা প্রতিটি খাতে যতটুকু সম্ভব বেশি বরাদ্দ দিতে চেয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা চাই।’