সিনেমা দেখায় ছাত্রের হাত ভেঙে দিলেন!
সিনেমা দেখায় মাদ্রাসাছাত্র নুর আলমকে (১৩) পিটিয়ে তার বাঁ-হাত ভেঙে দেওয়া হয়েছে বলে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আহমাদিয়া হাফেজিয়া মাদ্রাসায় গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নির্যাতিত ছাত্র গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মাদ্রাসার শিক্ষক এমদাদুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে।অভিযোগ সূত্রে জানা গেছে, মাঝেরপুল আহমাদিয়া হাফেজিয়া মাদ্রাসার ছয়জন শিক্ষার্থী ২৯ জুন মঙ্গলবার গ্রীষ্মের ছুটিতে উপজেলার প্রেক্ষাগৃহে সিনেমা দেখে। ছুটি শেষে গত বৃহস্পতিবার রাতে তাদের সিনেমা দেখার কথা শিক্ষক এমদাদুল হক জানতে পারেন এবং তিনি ওই ছাত্রদের বেধড়ক মারধর করেন। এ সময় শিক্ষকের বেতের লাঠির আঘাতে নুর আলমের বাঁ-হাতের কনুই ও বৃদ্ধাঙ্গুল ভেঙে যায়। নুর আলম বলে, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে হুজুর আমার গলায় গামছা লাগিয়ে তাঁর রুমে নিয়ে আছাড় মেরে মেঝেতে ফেলে দেন। এরপর আমাকে বেত দিয়ে পেটান।’ নুর আলমের বাবা আবদুস সালাম জানান, নুরু আলম শুক্রবার বাড়িতে গিয়ে আঘাতের স্থান দেখানোর পর তিনি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন ও জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জানান, শিক্ষক এমদাদুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সোমবার বিকেলে সালিস ডাকা হয়েছে। এমদাদুল হক বলেন, ‘সিনামা দেখার জন্য আমি ছাত্রদের মেরেছি। তবে নুর আলমের হাত পিটুনিতে নয়, মেঝেতে পড়ে গিয়ে ভেঙেছে।’