সিনেমা শুরু হতেই হলে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার জংশন রোডের একটি হলে সিনেমা শুরু হতেই আগুন দেখলেন দর্শকেরা। তত্ক্ষণাত্ ‘আগুন’ ‘আগুন’ করে আতঙ্কিত হয়ে দর্শকেরা সবাই বের হয়ে আসেন।
আজ সোমবার রাতে পুরান ঢাকার জংশন রোডের আজাদ সিনেমা হলে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার বেলাল উদ্দিন বলেন, রাত সোয়া নয়টার দিকে হলের নিচ তলায় আগুন লাগে। তখন সবেমাত্র সিনেমা শুরু হয়েছিল। এ সময় ২০-৩০ জনের মতো দর্শকও ছিলেন। আগুনের কারণে সিনেমার পর্দাসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে যায়। আগুন লাগার পর দর্শকেরা হুড়মুড়িয়ে বের হয়ে আসেন। তবে কেউ হতাহত হননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।