সিনেমা শুরু হলে পাঠদান বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলটির নাম বড় চামতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বারবার নদীভাঙনের শিকার স্কুলটির বর্তমান ঠিকানা হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের জামিরতা বাজারে একটি সিনেমা হলের পাশে। দুপুরে সিনেমা হলে শো শুরু হলে উচ্চশব্দের কারণে শিশুদের পাঠদানে বিঘ্ন ঘটে। তখন স্কুল ছুটি দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না শিক্ষকদের।এলাকাবাসী, স্কুল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১৯৪২ সালে স্কুলটি উপজেলার সোনাতনী ইউনিয়নের বড় চামতারা গ্রামে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে বিদ্যালয়সহ ওই ইউনিয়নের শতভাগ যমুনার গর্ভে বিলীন হয়ে যায়। পরে কয়েক দফা স্থানান্তরের পর ১৯৮২ সালে নদীর পশ্চিম পারে কৈজুরি ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে স্কুলটি স্থাপন করা হয়। এর পরও কয়েক দফা ভাঙনের শিকার হলে সর্বশেষ দুই বছর আগে জামিরতা বাজারসংলগ্ন সিনেমা হলের পাশে স্কুলটি স্থানান্তর করা হয়।বড় চামতারা গ্রামের শহিদুল ইসলাম জানান, ১৯৮৮ সালে তাঁদের গ্রামসহ ইউনিয়নের শতভাগ জমি আবারও জেগে উঠে স্থায়ী চর পড়ে। নতুন করে বসতি গড়ে তোলে লোকজন। তখন থেকেই এলাকাবাসী স্কুলটি আগের জায়গায় স্থানান্তরের দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রভাবশালীদের বাধা, তদবিরে ও আমলাতান্ত্রিক জটিলতায় স্কুলটি চরাঞ্চলে পুনঃস্থাপন সম্ভব হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, বড় চামতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন যে স্থানে, তার আধা কিলোমিটারের মধ্যে আরও পাঁচটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অথচ স্কুলটির আগের স্থান অর্থাৎ বড় চামতারা গ্রামের তিন কিলোমিটারের মধ্যে কোনো স্কুলই নেই। সেখানে প্রায় দেড় হাজার শিশু স্কুলে যেতে পারে না। এ অবস্থায় বড় চামতারাবাসী প্রাথমিক বিদ্যালয়টি তাদের গ্রামে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন-নিবেদন করে আসছে।জানা গেছে, বড় চামতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫০০ মিটার দূরে জামিরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০০ মিটার দূরে জগতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আধা কিলোমিটার দূরে ভাটপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫০০ মিটার দূরে পূর্ব জগতলা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬০০ মিটার দূরে হোরদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।বড় চামতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাসিদা হক প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী এবং ছয়জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়টি সিনেমা হলের সঙ্গে অস্থায়ীভাবে স্থাপিত হওয়ায় বেলা একটা, কোনো দিন বেলা দুইটা পর্যন্ত ক্লাস নেওয়া হয়। শো শুরু হলে ক্লাস নেওয়া অসম্ভব হয়ে পড়ে। বাধ্য হয়ে ক্লাস বন্ধ করা ছাড়া কোনো গতি থাকে না। কৈজুরি ইউনিয়নের জগতলা গ্রামের অভিভাবক আবদুস সামাদ বলেন, সিনেমা শুরুর আগেই মাইকে গান বাজানো হয়। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে। সাধারণত বিকেল থেকে শো শুরু হয়। মাঝেমধ্যে বেলা একটা থেকেও সিনেমা শুরু হয়।শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, স্কুলটি আগের স্থানে স্থানান্তরের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েক দফা তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। এর পরও মন্ত্রণালয় থেকে নানা রকমের কাগজপত্র চাওয়ার ওপরই রয়েছে। শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান জানান, চরাঞ্চলের অসংখ্য ছেলেমেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। স্কুলটি আগের স্থানে স্থানান্তর করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।