সিনেমা হলে ফুটবল
বগুড়ার ধুনট সদরের সিকতা সিনেমা হলে রাতে চলচ্চিত্রের পরিবর্তে বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো হচ্ছে। স্থানীয় ফুটবলপ্রেমিক দর্শকদের অনুরোধে হলের মালিক ওই খেলা দেখাচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন বািসন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎবিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে ধুনট সদরের হাসপাতাল রোডে অবস্থিত ওই সিনেমা হলে গত মঙ্গলবার রাত থেকে ফুটবল খেলা দেখানো হচ্ছে। প্রথমবারের মতো ওই দিন রাত একটায় ব্রাজিল ও মেক্সিকো দলের খেলা দর্শকেরা উপভোগ করেন। হল কর্তৃপক্ষ খেলা দেখার টিকিটের মূল্য ১০ টাকা নির্ধারণ করেছে।
দর্শক কামরুল হাসান জানান, সিনেমা হলের বড় পর্দায় বিদ্যুৎ না থাকলেও খেলা দেখা নিয়ে চিন্তা করতে হয় না। বিদ্যুৎ চলে গেলে তারা নিজস্ব ডিশ লাইন ও জেনারেটরের মাধ্যমে খেলা দেখায়। ওই সিনেমা হলের মালিক পাভেল জানান, স্থানীয় ফুটবলপ্রেমিকদের সঙ্গে চুক্তি করে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে বড় দলের খেলাগুলো দেখানো হবে।