সিনেমা হলে যাচ্ছেন দর্শক

মৌলিক গল্প ও মানসম্মত সিনেমা দেখতে রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে দর্শকেরা ভিড় করছেন। সিনেমা যৌথ প্রযোজনার হোক কিংবা দেশীয় প্রযোজনার—প্রেক্ষাগৃহবিমুখ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির দর্শকেরা আবার হলে যাচ্ছেন। ভালো সিনেমা দেখতে রীতিমতো পরিকল্পনা করে দল বেঁধে প্রেক্ষাগৃহে যাচ্ছেন রাজধানীর দর্শকেরা। বাংলা সিনেমার এই নতুন দর্শকদের অধিকাংশই বয়সে তরুণ।
সিনেমা হলসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সিনেমার গল্প ও নির্মাণ মানসম্মত হলে এবং প্রেক্ষাগৃহের পরিবেশ, ডিজিটাল পর্দা, টিকিটের মূল্য সাধ্যের মধ্যে হলে সব শ্রেণির দর্শক প্রেক্ষাগৃহে আসেন। ঢাকায় এখন তিনটি সিনেপ্লেক্স রয়েছে। যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টার্স সিনেমা, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে এবং শ্যামলী সিনেমা। ঢাকার দর্শকদের তুলনায় সিনেপ্লেক্স খুবই কম। সিনেপ্লেক্স নির্মাণের পাশাপাশি এসব প্রেক্ষাগৃহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে আরও বেশিসংখ্যক দর্শক প্রেক্ষাগৃহমুখী হবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অমিতাভ রেজার পরিচালনায় আয়নাবাজি। যাঁরা বহুদিন হলে গিয়ে বাংলা সিনেমা দেখেননি, তাঁরা এই সিনেমার মাধ্যমে আবারও প্রেক্ষাগৃহমুখী হয়েছেন। তিন সপ্তাহের বেশি হয়ে গেলেও স্টার সিনেপ্লেক্স, ব্লকব্লাস্টার্স সিনেমা, শ্যামলী, বলাকা, সনি, মধুমিতা সিনেমায় এখনো চলছে আয়নাবাজি।
গতকাল বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সে বেশ বড় দল নিয়ে সিনেমা দেখতে এসেছিলেন রেজাউল করিম। তিনি বলেন, ‘এভাবে দল বেঁধে সিনেমা দেখতে ভালোই লাগে। কিন্তু সব সিনেমা দেখতে আসা হয় না। ভালো সিনেমা সবাই মিলে দেখতে আসা হয়। ঈদের সময় শিকারি সিনেমা দেখেছি।’
তরুণেরা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া কিংবা তরুণ চাকরিজীবীরা সুযোগ পেলে দল বেঁধে যাচ্ছেন সিনেমা দেখতে। এসব তরুণ দর্শককে আকৃষ্ট করতে ইদানীং ছবি মুক্তির আগে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। মুক্তিপ্রাপ্ত ছবির নায়ক, নায়িকা ও কলাকুশলীরা বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রচার চালাচ্ছেন।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাবির রহমান বলেন, ‘তরুণেরা ইন্টারনেটের বদৌলতে সারা দুনিয়ার সিনেমার খবর পাচ্ছে। কম্পিউটারে অন্যান্য দেশের সিনেমা দেখছে। তাদের আকৃষ্ট করতে হলে বাংলা সিনেমাগুলোর গল্প, নির্মাণ আর প্রযুক্তির ব্যবহার—সবই যুগোপযোগী হতে হবে। সবাই চায় ভালো বাংলা সিনেমা দেখতে।’
অনেকেই রাজধানীর সিনেমা হলগুলোর পরিবেশের কারণে পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখা ছেড়ে দিয়েছেন। তাঁদের কথা ভেবে হলমালিকেরা পরিবার নিয়ে সিনেমা দেখার মতো পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, হলের পরিবেশ উন্নত করার সঙ্গে চলচ্চিত্রের ব্যবসার বিষয়টি জড়িত। অনেক হলের মালিক অর্থাভাবে পরিবেশ উন্নত করতে পারছেন না। ব্যবসা ধারাবাহিকভাবে ভালো থাকলে হলের মালিকেরা নিশ্চয়ই পরিবেশ উন্নত করবেন।
শ্যামলী সিনেমা হলের ব্যবস্থাপক আহসানউল্লাহ হাসান প্রথম আলোকে বলেন, বাংলা সিনেমার দর্শক এখনো আছেন। শুধু সিনেমার গল্প ও বানানো ভালো হলেই দর্শক প্রেক্ষাগৃহে আসবেন, এটা ঠিক নয়। পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখার সঙ্গে হলগুলোর পরিবেশ উন্নত করা, নিরাপত্তার মতো বিষয়গুলোও জড়িত।
সম্প্রতি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। গত ঈদে বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনার দুটি ছবি শিকারি ও বাদশা দর্শকপ্রিয়তা পেয়েছিল। গত সপ্তাহে মুক্তি পায় যৌথ প্রযোজনার ছবি প্রেম কী বুঝিনি।
গত ছয় মাসে ছয়টি বাংলা সিনেমা হলে গিয়ে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়াঙ্কা কুন্ডু। তিনি বলেন, ‘সিনেমা ভালো হোক কিংবা খারাপ—সবার উচিত হলে গিয়ে সিনেমা দেখা। দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিল বলেই দেশের সিনেমাশিল্পের অবস্থা খারাপ। সিনেমাশিল্পের অবস্থার পরিবর্তন করতে হলে দর্শকদের হলে যেতে হবে।’