সিনোহাইড্রোর সঙ্গে নদীশাসনের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর নদীশাসনের কাজে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে চুক্তি সই করেছে সরকার। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম ও সিনোহাইড্রোর লু লিউশান নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চুক্তি সইয়ের এই অনুষ্ঠান হয়।

চুক্তি অনুযায়ী, নদীশাসনে ব্যয় হবে আট হাজার ৭০৮ কোটি টাকা। এর অধীনে সাড়ে ১৩ কিলোমিটার এলাকার নদীশাসনের কাজ করবে সিনোহাইড্রো। এর মধ্যে মাওয়া প্রান্তে দেড় কিলোমিটার ও জাজিরা প্রান্তে ১২ কিলোমিটার। চুক্তির মেয়াদ চার বছর। সিনোহাইড্রো ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের বেশির ভাগ কাজ করছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাজে ধীরগতির অভিযোগ রয়েছে।

 গত ১৯ জুন নদীশাসনের জন্য চীনের সিনোহাইড্রো করপোরেশন, দক্ষিণ কোরিয়ার হুন্দাই ও বেলজিয়ামের জানদিনাল—এই তিনটি কোম্পানি চূড়ান্ত দরপত্র জমা দেয়। এর মধ্যে সর্বনিম্ন দর প্রস্তাব করে চীনের সিনোহাইড্রো করপোরেশন। গত জুনে সেতুর মূল অবকাঠামো নির্মাণে চায়না মেজর ব্রিজ কোম্পানিকে নিয়োগ করা হয়। আর মূল অবকাঠামো ও নদীশাসন কাজের তদারক করবে কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন কোম্পানি। এ ছাড়া দুই প্রান্তের সংযোগ সড়ক ও নির্মাণ অবকাঠামোর (সার্ভিস এলাকা) কাজ মালয়েশিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে করছে বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড। এই তিন কাজ তদারক করছে বাংলাদেশ সেনাবাহিনী।

চুক্তি সইয়ের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই চুক্তি সইয়ের মাধ্যমে প্রস্তুতি পর্যায়ের শেষ ধাপ অতিক্রম করা গেছে।   ২০১৮ সালের মধ্যে কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রকল্প ব্যয়: পদ্মা সেতু প্রকল্পটি ছয়টি ভাগে (প্যাকেজে) ভাগ করা হয়েছে। সব মিলিয়ে ব্যয় প্রায় ২৪ হাজার ৭৭ কোটি টাকা। তবে প্রকল্প এলাকায় পদ্মা নদী ভাঙন রোধসহ আরও কিছু ছোট প্রকল্প নেওয়া হচ্ছে। সেগুলো যুক্ত হলে এ ব্যয় ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রকল্পের সর্বশেষ সংশোধনীতে ব্যয় ধরা হয়েছিল ২০ হাজার ৭০০ কোটি টাকা।