সিন্ডিকেট, সিনেট, ডিন শিক্ষক প্রতিনিধি নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ নির্বাচনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকাও ঘোষণা করা হয়েছে। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ প্যানেল থেকে এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ সাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুটি প্যানেলের পাশাপাশি এবারের নির্বাচনে সাদা দল থেকে সম্প্রতি বের হয়ে যাওয়া শতাধিক বিএনপিপন্থী শিক্ষকের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদও সোনালি প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে নির্বাচনে প্রায় এক হাজার শিক্ষক ভোট দেবেন বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ বারী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, ডিন, একাডেমিক কাউন্সিল এবং প্লানিং ও উন্নয়ন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। এর মধ্যে দুই বছরমেয়াদি বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সিন্ডিকেটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০০৭ সালে এবং তিন বছরমেয়াদি ফাইন্যান্স কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০০৮ সালে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিষেধাজ্ঞার কারণে নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হয়নি বলে তিনি উল্লেখ করেন।