ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অধিবেশনে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় খোলার কোনো সিদ্ধান্ত হয়নি।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্য মো. রফিকুল হকের সভাপতিত্বে প্রশাসন ভবনের উপাচার্য সচিবালয়ে ওই অধিবেশন হয়। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন মো. গোলাম শাহি আলম, কৃষি অনুষদের ডিন মো. আবদুল খালেক পাটোয়ারী, সাংসদ মতিউর রহমান, সাংসদ কৃষিবিদ শওকত মোমেন, সাংসদ কৃষিবিদ আবদুল মান্নান, সিন্ডিকেট সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নজিবুর রহমান প্রমুখ। ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলি লেগে নিহত হয় শিশু রাব্বি (১০)। পরে ওই দিনই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। এ ছাড়া ওই দিন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।উপাচার্য বলেন, এলাকাবাসীর হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক হলগুলোর সংস্কারে একটু দেরি হচ্ছে। সংস্কার শেষ হলেই হল ও বিশ্ববিদ্যালয় খোলা হবে।