সিন্ডিকেট নির্বাচনে নীল দলের ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শিক্ষকদের পাঁচজন প্রতিনিধি নির্বাচনে সব কটিতেই জয় পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থক সাদা দলের শিক্ষকেরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক শিক্ষকদের নীল দলের ভরাডুবির কারণ হিসেবে ওই দলের শিক্ষকেরা নিজেদের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন। মাত্র ছয় মাস আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিল নীল দল। ওই দলের শিক্ষকেরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের মধ্যকার দ্বন্দ্বের জের ধরে দলের শিক্ষকেরাও বিভক্ত হয়ে পড়েছেন। সিন্ডিকেট নির্বাচন ছাড়াও একাডেমিক কাউন্সিল, ফাইন্যান্স কমিটি ও দুটি অনুষদের ডিন নির্বাচন হয় গতকাল। এর মধ্যে একাডেমিক কাউন্সিলের ছয়টি পদের মধ্যে পাঁচটি এবং একটি অনুষদের ডিন নির্বাচনে জয়ী হয়েছেন নীল দলের শিক্ষকেরা। সিন্ডিকেট নির্বাচনে জয়ী সাদা দলের শিক্ষকেরা হলেন: স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ মো. লুৎফর রহমান (৫১৩ ভোট), রসায়ন বিভাগের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম (৬১০ ভোট), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসানুজ্জামান (৬১৩ ভোট) এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম (৫৮৩ ভোট)। ফার্মেসি অনুষদের ডিন নির্বাচনে নীল দলের শিক্ষক আ ব ম ফারুক (২৪ ভোট) এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন নির্বাচনে সাদা দলের শিক্ষক শাহিদা রফিক (৩৫ ভোট) বিজয়ী হয়েছেন। একাডেমিক পরিষদে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে জয়ী নীল দলের শিক্ষকেরা হলেন: গণিত বিভাগের চন্দ্রনাথ পোদ্দার (৫৭১ ভোট), ইংরেজি বিভাগের তাজিন আজিজ চৌধুরী (৬৩৩ ভোট) এবং আইন বিভাগের শেখ হাফিজুর রহমান কার্জন (৫৮৪ ভোট)। সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরিতে জয়ী নীল দলের শিক্ষকেরা হলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মুহাম্মদ মাঈনুল করিম (৫৮৭ ভোট), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুরাইয়া বেগম (৫৭৬ ভোট)। একাডেমিক পরিষদে জয়ী সাদা দলের একমাত্র সদস্য হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মো. আবদুস সালাম (৫৭৯ ভোট)। ফাইন্যান্স কমিটির একমাত্র পদে জয়ী হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সাদা দলের শিক্ষক এ বি এম শহিদুল ইসলাম (৬০৯ ভোট)।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান।