ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থিত সাদা দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনে ছয়টি শ্রেণীর মধ্যে চারটিতে জয়ী হয়েছে সাদা দল আর বাকি দুটিতে জয়ী হয়েছে আওয়ামী ও বাম-সমর্থিত নীল দল। তবে অর্থ কমিটি ও একাডেমিক পরিষদের সাতটি শ্রেণীর মধ্যে ছয়টিতে নীল দল ও একটিতে সাদা দল জিতেছে।গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি ও একাডেমিক পরিষদের ১৩টি শ্রেণীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ভোট নেওয়া হয়। বেলা দুইটা থেকে শুরু হয় ভোট গণনা। নির্বাচনে ভোটার ছিলেন এক হাজার ২৪৩ জন। ভোট দিয়েছেন এক হাজার ১১৫ জন। এতে সাদা দল থেকে ডিন শ্রেণীতে কলা অনুষদের ডিন সদরুল আমিন (৫৬২ ভোট), অধ্যাপক শ্রেণীতে রসায়ন বিভাগের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম (৫৫২ ভোট), সহযোগী অধ্যাপক শ্রেণীতে পরিসংখ্যান বিভাগের লুত্ফুর রহমান (৫৫৬ ভোট) ও সহকারী অধ্যাপক শ্রেণীতে পপুলেশন সায়েন্স বিভাগের মঈনুল ইসলাম (৫৫২ ভোট) জয়ী হয়েছেন। অন্যদিকে নীল দল থেকে জয়ী হয়েছেন প্রাধ্যক্ষ শ্রেণীতে কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ মো. আখতারুজ্জামান (৫৭২ ভোট) ও প্রভাষক শ্রেণীতে প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস (৫৬৫)।অর্থ কমিটি ও একাডেমিক পরিষদের সাতটি শ্রেণীর মধ্যে ছয়টিতে নীল দল ও একটিতে সাদা দল জিতেছে।ফাইন্যান্স কমিটির একমাত্র পদে জয়ী হয়েছেন নীল দলের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ।একাডেমিক পরিষদের সহযোগী অধ্যাপক শ্রেণীর তিনটি পদেই নীল দলের প্রার্থী আশফাক হোসেন (ইতিহাস বিভাগ), বিমান চন্দ্র বড়ুয়া (পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ) ও কামাল উদ্দীন আহমেদ (্ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ) জয়ী হয়েছেন।