কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনজন সিন্ডিকেট সদস্য, তিনজন ডিন, রেজিস্ট্রার ও প্রক্টর পদে রদবদল করে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩৫তম সিন্ডিকেটের সভায় ওই নিয়োগ দেওয়া হয়। তবে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও বৃহত্তর কুমিল্লার অধিবাসী কোনো অধ্যাপককে নিয়োগ দেওয়া হয়নি। অতীতে এ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তাঁদের প্রতিনিধিত্ব ছিল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা তিনটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিন্ডিকেটের ৩৫তম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগামী দুই বছরের জন্য তিনজন নতুন সিন্ডিকেট সদস্য নিয়োগ দেওয়া হয়। তাঁরা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সাইদুল হক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন। এর মধ্যে মো. আলাউদ্দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যও। অন্যদিকে ডিন পদে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির ছায়াদউল্লাহ খান, বিজ্ঞান অনুষদে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু তাহের এবং কলা অনুষদে বাংলা বিভাগের অধ্যাপক আহমেদ মাওলা। তবে জ্যেষ্ঠ শিক্ষক না থাকার কারণে বাণিজ্য অনুষদে কাউকে ডিন পদে নিয়োগ দেওয়া হয়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভূঁইয়াকে তাঁর পদ থেকে সরিয়ে অর্থ ও হিসাব শাখার উপপরিচালক পদে ফিরিয়ে নেওয়া হয়েছে। তিনি এর আগে ওই পদেই যোগদান করেছিলেন। নতুন করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে পরীক্ষা নিয়ন্ত্রক মো. তৌহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি পদই তাঁকে সামলাতে হবে। বিশ্ববিদ্যালয়ের মূল রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করায় ওই পদ নিয়ে আইনি লড়াই চলছে। তা ছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সৈয়দুর রহমানকে সরিয়ে দিয়ে কনিষ্ঠ শিক্ষক ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ আহসান উল্লাহকে নিয়োগ দেওয়া হয়। সৈয়দুর রহমান ২০১১ সালের ২ মার্চ ওই পদে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। সুশাসনের জন্য নাগরিক সুজন কুমিল্লার সভাপতি মমিনুল হক চৌধুরী বলেন, যে তিনজন শ্রদ্ধেয় শিক্ষককে সিন্ডিকেট সদস্য করা হয়েছে, তাঁদের প্রত্যেকের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে বছরজুড়ে অস্থিরতা থাকে। নিজেদের ক্যাম্পাসকে সামলিয়ে তাঁরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু সময় দিতে পারবেন, সেটা একটা প্রশ্নসাপেক্ষ ব্যাপার। তবে যেহেতু আঞ্চলিক জনগোষ্ঠীর দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলো গড়ে ওঠে, তাই ওই এলাকার যোগ্য বিশিষ্ট শিক্ষাবিদদের চাইলেই সিন্ডিকেটের সদস্য পদে নিয়োগ দেওয়া যায়। এতে বিশ্ববিদ্যালয় লাভবান হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমও সম্প্রসারিত হবে।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক ডিন নিয়োগ, রেজিস্ট্রার ও প্রক্টর পদে রদবদল করা হয়েছে।’