চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত সোমবার বাস ও ট্রেনে ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কার্যালয়ে সিন্ডিকেটের সভা হয়।বৈঠক সূত্রে জানা গেছে, সোমবার শাটল ট্রেন ও বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় সিন্ডিকেট সভায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়। একই সঙ্গে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে নিয়মতান্ত্রিক আন্দোলন করতে ছাত্রসংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়।সভা শেষে সিন্ডিকেট সদস্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. কামরুল হুদা প্রথম আলোকে জানান, আজ বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ গত সোমবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করে। তবে ওই দিন রাত নয়টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রলীগের নেতাদের বৈঠক হয়। এতে নেতারা অবরোধ স্থগিত করার ঘোষণা দেন।