সিন্ডিকেট সিদ্ধান্ত দেওয়ার পরও নিরসন হচ্ছে না অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিন্ডিকেট সিদ্ধান্ত দেওয়ার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের নতুন ভবনে ওঠাকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসন হচ্ছে না। প্রায় এক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে এ অচলাবস্থা চলছে।
গত বৃহস্পতিবার সিন্ডিকেটের জরুরি সভায় বঙ্গবন্ধু হলসংলগ্ন নবনির্মিত ভবনের তৃতীয় তলা পরিবেশবিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়। এর প্রতিবাদ জানায় ওই ভবনে আগে থেকে ওঠা ভূতাত্ত্বিক বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। গতকাল শনিবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মরত ১৫ জন শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন। ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগেরও ১০ জন শিক্ষক পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে একজন শিক্ষকসহ ১৫ জন শিক্ষার্থী আমরণ অনশন করছেন।
রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশের মাধ্যমে জানা যায়, নবনির্মিত ভবনের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ তলার মোট ৩০ হাজার ৯০২ বর্গফুট বরাদ্দ দেওয়া হয়েছে ভতাত্ত্বিক বিজ্ঞান বিভাগকে। একইভাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে বরাদ্দ দেওয়া হয়েছে মোট ৩২ হাজার ৫১৮ বর্গফুট। এ ছাড়া পরিবেশবিজ্ঞান বিভাগকে ভবনের তৃতীয় তলার মোট ২৭ হাজার ৭৯৮ বর্গফুট বরাদ্দ দেওয়া হয়েছে।
সিন্ডিকেটের এ সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বিকেল সাড়ে চারটায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফটকের সামনে সংবাদ সম্মেলন করেন ওই দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মাজেদা ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে বিভাগের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, চাহিদা অনুযায়ী গবেষণাগার ও শ্রেণিকক্ষ না পাওয়ায় বিভাগের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রশাসন এসব চাহিদা পূরণ না করায় বিভাগের কর্মরত ১০ জন শিক্ষক গণপদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে বিভাগের সব শিক্ষক পদত্যাগ করেছেন। একই সঙ্গে আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে তিনি বিভাগের সব শিক্ষককে দায়িত্বে বহাল রাখা এবং বিভাগকে ৪১ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ দেওয়ার দাবি জানান।
গতকাল দুপুরে নবনির্মিত ভবনে গিয়ে দেখা যায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফটকের সামনে মঞ্চ বানিয়ে আমরণ অনশন করছেন বিভাগের শিক্ষক তানজিলা রহমানসহ সাতজন শিক্ষার্থী। অন্যদিকে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ফটকে অনশন করছেন ওই বিভাগের সাতজন শিক্ষার্থী।
সিন্ডিকেটের সিদ্ধান্তই বহাল থাকবে জানিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, সব বিভাগের সমস্যার কথা বিবেচনা করতে হবে। এসব বিবেচনা করেই সিন্ডিকেট এই সিদ্ধান্ত দিয়েছে। পদত্যাগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
শ্রেণিকক্ষসহ অন্যান্য সংকট নিরসনে গত পাঁচ এপ্রিল এক প্রশাসনিক আদেশের মাধ্যমে বঙ্গবন্ধু হলসংলগ্ন নবনির্মিত ভবনের তৃতীয় তলা পরিবেশবিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এর ফলে নিজেদের জায়গা সংকট হবে এমন দাবি করে নতুন ভবনে উঠতে বাধা দেয় ভূতাত্ত্বিক বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ নিয়ে তিন বিভাগের শিক্ষার্থীরা ভবনের সামনে মুখোমুখি অবস্থান নেন। এর ফলে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সাত এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।