সিন্ডিকেট–চেষ্টায় লিপ্ত ২৫ রিক্রুটিং এজেন্সিকে নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯২ সাল থেকে ২০১৮ পর্যন্ত বৈধভাবে কাজ নিয়ে মালয়েশিয়ায় গেছেন সাড়ে ১০ লাখ বাংলাদেশি
ফাইল ছবি: রয়টার্স

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণে একটি চক্র (সিন্ডিকেট) তৈরির চেষ্টায় লিপ্ত ২৫ রিক্রুটিং এজেন্সিকে খুঁজে বের করে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। তাঁরা বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চক্র তৈরি হলে আগের মতোই অনিয়ম, দুর্নীতি হবে এবং অভিবাসন খরচ বেড়ে যাবে। তাই এসব অপতৎপরতায় লিপ্ত এজেন্সির লাইসেন্স বাতিল করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবির কথা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার। তিনি লিখিত বক্তব্যে বলেন, চক্রের হাতে নিয়ন্ত্রণ গেলে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অরাজকতা ও রেষারেষি বাড়বে। সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য কর্মী পাঠানোর সুযোগ উন্মুক্ত রাখার দাবি তাঁদের।

লিখিত বক্তব্যে বলা হয়, শ্রমবাজার সবার জন্য খোলা রাখতে না পারলে একটি চক্রের স্বার্থ রক্ষা হবে। প্রতি উপজেলা থেকে এক হাজার কর্মী বিদেশে পাঠানোর সরকারি লক্ষ্যমাত্রাও অর্জিত হবে না। এ ছাড়া অধিকাংশ এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ হারাবে। মালয়েশিয়ায় কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা থাকলেও বেশি হারে কর্মী পাঠানো যাবে না। আর আগের মতো শ্রমবাজারটি আবার বন্ধ হয়ে যাওয়ারও শঙ্কা থেকে যায়।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর পাঠানো চিঠির জবাবে সবার জন্য বাজার উন্মুক্ত রাখার বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর পাঠানো চিঠির জন্য ধন্যবাদ জানান বায়রার নেতারা। স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নিয়োগে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

২০১৬ সালে ১০ রিক্রুটিং এজেন্সির গড়ে ওঠা চক্রের কারণে কয়েক গুণ বেশি খরচ করে মালয়েশিয়ায় যেতে হয়েছে কর্মীদের। এরপর ওই চক্রের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়। নতুন করে কর্মী পাঠাতে গত ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ। এর পর থেকেই ২৫ এজেন্সির চক্র তৈরির চেষ্টার কথা জানা যাচ্ছে।

আরও পড়ুন