সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধির পাঁচটি পদই শূন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শিক্ষকদের সরাসরি ভোটে অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত ইরশাদ কামাল লিয়েনে গেছেন এক বছরের বেশি সময় আগে। একাডেমিক কাউন্সিলের মনোনীত নুরুল আনোয়ার এখন পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য। 

সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত মো. নাসিম হাসান, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত খসরুল আলম কুদ্দুসী ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচিত নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতি ও ছুটির কারণে সিন্ডিকেটে শিক্ষক ক্যাটাগরির পাঁচটি পদই শূন্য হয়ে গেছে। শিক্ষক প্রতিনিধি ছাড়াই চলছে সিন্ডিকেটের কার্যক্রম।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী একজন জ্যেষ্ঠ শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘অধ্যাদেশ অনুযায়ী প্রতি দুই বছর পর পর সিন্ডিকেট নির্বাচন করার কথা। তবে নির্বাচন না হলে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচিতরা প্রতিনিধি হিসেবে থাকতে পারেন। কিন্তু বর্তমানে শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরির সদস্যদের পদোন্নতি হওয়ায় তাঁদের প্রতিনিধি পদ চলে গেছে।’ 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১১ সালের ৩১ জুলাই সর্বশেষ সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এরপর আর সিন্ডিকেট নির্বাচন দেয়নি কর্তৃপক্ষ। এদিকে মেয়াদ শেষ হওয়ার পর থেকে নির্বাচনের দাবি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকেরা।

বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের জ্যেষ্ঠ সদস্য ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, ‘সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি না থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষকদের পক্ষে কথা বলার মতো কেউ নেই। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে কখনো সিন্ডিকেটে শিক্ষক ক্যাটাগরির সব পদ শূন্য হওয়ার ঘটনা ঘটেনি। আমরা দ্রুত সিন্ডিকেটে নির্বাচনের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।