সিন্ডিকেটের সভায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে সিন্ডিকেটের ২১৮তম সভায় এ দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যাম্পাসে দীর্ঘদিন থেকে পরিবহন-সংকট এবং সাম্প্রতিক বোমা হামলা ও ভাঙচুরের কারণে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য এম আলাউদ্দিন। উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মো. কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ভাঙচুর ও বোমা হামলার ঘটনা ঘটে। কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের সবাইকে পরিবহনের ওপর নির্ভর করতে হয়। কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা রুটে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য মোট ৪৩টি বাস ব্যবহূত হয়। এর মধ্যে ৩১টি গাড়িই ভাড়া করা। সম্প্রতি ভাড়া করা গাড়ির মালিকপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বেশ কিছু দাবি উপস্থাপন করে ৯ সেপ্টেম্বর থেকে গাড়ি সরবরাহ বন্ধ রেখেছে। এদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ রুটেও চলছে পরিবহন ধর্মঘট। দীর্ঘদিন ধরে চলমান ধর্মঘটের কারণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিয়মিত ক্যাম্পাসে আসতে পারছেন না। ফলে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি অচল হয়ে আছে। সভায় উপস্থিত সবাই পরিবহন-সমস্যা ও ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি নিরসনের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান। সভা শেষে উপাচার্য এম আলাউদ্দিন বলেন, ‘দুই জেলার বাসমালিকপক্ষের সঙ্গে আমরা আবারও আলোচনায় বসে বিষয়টির সমাধানের চেষ্টা করব।’ তবে দু-এক দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।