সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিলের দাবি বিভাগীয় প্রধানদের কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির ব্যাপারে সিন্ডিকেটের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষকদের একাংশ গতকাল বুধবার থেকে লাগাতার ধর্মঘট শুরু করেছেন। তাঁরা ওই অনুষদের আট বিভাগীয় প্রধানের কার্যালয়ে গতকাল সন্ধ্যায় তালা ঝুলিয়ে দেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, লাগাতার ধর্মঘট চালিয়ে যাওয়ার ব্যাপারে শিক্ষকদের সভায় গতকাল সন্ধ্যায় সিদ্ধান্ত হয়েছে। স্থাপত্যবিদ্যাসহ ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত আট বিভাগের অধিকাংশ ক্লাসই গতকাল বন্ধ ছিল।ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকদের প্রতিনিধিত্বকারী কমিটির আহ্বায়ক মহসিন আজিজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতিমালায় সিন্ডিকেট যে সংযুক্তি এনেছে, তা অসংগতিপূর্ণ, অস্পষ্ট ও অগ্রহণযোগ্য। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষকদের এক জরুরি সভায় গতকাল বুধবার সব ধরনের শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম থেকে অনুষদের শিক্ষকেরা বিরত থাকার সিদ্ধান্ত নেন। তবে পূর্বনির্ধারিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা ধর্মঘটের আওতার বাইরে থাকবে। গতকাল বিকেল চারটার মধ্যে পদত্যাগের জন্য অনুষদভুক্ত বিভাগীয় প্রধানদের আহ্বান জানানো হয়।অনুষদের শিক্ষকদের প্রতিনিধিত্বকারী কমিটির যুগ্ম আহ্বায়ক নিলয় চন্দ্র সরকার ধর্মঘট ও বিভাগীয় প্রধানদের কক্ষ তালাবদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, শিক্ষকদের একাংশের এই কর্মসূচির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ অবস্থানে রয়েছে। প্রশাসন চায়, কোনো পক্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশেষ সভায় শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতিসংক্রান্ত নীতিমালায় বিশেষ একটি সংযুক্তি আনা হয়। ওই সংযুক্তি অনুসারে, ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ছাড়া বাকি পাঁচ অনুষদের শিক্ষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য তিন বছরের পরিবর্তে আড়াই বছর শিক্ষকতার অভিজ্ঞতা যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়।