সিন্দুক খুলতেই মিলল ২৫০ সোনার বার, ৬০ লাখ টাকা
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেট থেকে উদ্ধার হওয়া একটি সিন্দুক থেকে ২৫০টি সোনার বার উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আরেকটি সিন্দুক থেকে নগদ ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। আজ সোমবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ওই সিন্দুক দুটি উদ্ধার করে পুলিশ।
ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ বাবুল আকতার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাহার মার্কেটের ষষ্ঠ তলার দুটি গুদামে অভিযান চালানো হয়। গুদাম দুটি আবু আহমেদ নামের এক ব্যক্তি ভাড়া নিয়েছেন বলে জানতে পারে পুলিশ। সেই আবু আহমেদ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অভিযান চালিয়ে গুদাম দুটি থেকে মোট তিনটি সিন্দুক উদ্ধার করা হয়। সিন্দুক তিনটি নেওয়া হয় কোতোয়ালি থানায়। সেখানে প্রথমে একটি সিন্দুক খুলে তাতে কিছু পাওয়া যায়নি। পরে রাত ১২টার দিকে আরেকটি সিন্দুক খোলা হলে সেখান থেকে বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রথম সিন্দুক থেকে কিছু পাওয়া যায়নি। দ্বিতীয় সিন্দুকে ২৫০টি সোনার বার পাওয়া গেছে। প্রতিটি বারের ওজন ১০ ভরি। সেই হিসাবে ২৫০টি বারের দাম প্রায় সাড়ে ১২ কোটি টাকা। ওসি আরও জানান, তৃতীয় সিন্দুকটি খুলে ছয়টি বান্ডিলে নগদ মোট ৬০ লাখ টাকা পাওয়া গেছে।
অারও পড়ুন: