সিন্দুক ভেঙে ২৫ লক্ষাধিক টাকাসহ হিসাবের খাতা চুরি
সিলেট নগরের ব্যবসায়িক কেন্দ্রস্থল কালীঘাটে মেসার্স করিম ব্রাদার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সিন্দুক ভেঙে ২৫ লক্ষাধিক টাকাসহ হিসাবের খাতাপত্র চুরি হয়েছে। গতকাল রোববার সকালে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে সিন্দুক ভাঙা দেখেন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। কালীঘাট মোড়ে মেসার্স করিম ব্রাদার্সের গুদামঘরের দেয়াল সকালে ছিদ্র দেখে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীরা মালিক মো. আবুল হোসেনকে খবর দেন। সকাল আটটায় তিনি ব্যবসাপ্রতিষ্ঠান খুলে সিন্দুক ভাঙা দেখেন। ঘটনাটি তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনারসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ব্যবসাপ্রতিষ্ঠানের বরাত দিয়ে জানায়, মাহা দুধ, কামাল সোপসহ বিভিন্ন পণ্যসামগ্রীর পরিবেশক ও পাইকারি বিক্রেতা এ ব্যবসাপ্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার রাতে বিক্রি শেষে সব টাকা গুদামের সিন্দুকে রাখা হয়। রোববার ওই টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল। টাকা নেওয়ার সময় চোরেরা সিন্দুকে রাখা পাইকারি বিক্রির হিসাবের খাতা চুরি করে নিয়ে যায়। পুলিশের ধারণা, চুরির সঙ্গে পরিচিত কেউ জড়িত থাকতে পারে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহূত একটি শাবল, ড্রিল মেশিনসহ সিন্দুক ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ। মো. আবুল হোসেন জানান, চুরি হওয়া টাকার পরিমাণ ২০ থেকে ২৫ লাখ টাকা হতে পারে।