সিন্দুকের খবরে হুলুস্থুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিন্দুক? শুনেই শুরু হলো মানুষের হুড়োহুড়ি। সবাই হামলে পড়ল একটা পুরোনো বাড়িতে। সবার হাতেই মুঠোফোন। ধারণ করছেন ভিডিওচিত্র। ফেসবুকের কল্যাণে ভিড় আরও বাড়তে লাগল।

গতকাল রোববার দুপুরে এই পরিস্থিতির সৃষ্টি হয় রাজশাহী নগরের সাহেব বাজারের মণিচত্বর এলাকার একটি বাড়িতে। পুরোনো ওই বাড়ি ভাঙা হচ্ছিল। সেখানে একটি সিন্দুক পাওয়া গেছে—এমন খবর ছড়িয়ে পড়তেই হুলুস্থুল কাণ্ড ঘটে যায়। সারা শহরে সিন্দুকে গুপ্তধনের খবর রটে যায়। ছুটে আসেন বরেন্দ্র জাদুঘরের কর্মকর্তারা। নিরাপত্তা দিতে আসে পুলিশ। কিন্তু দিন শেষে সবাই হতাশ। প্রমাণ পাওয়া গেল, সিন্দুক মানেই গুপ্তধন নয়।

বাড়িটির মালিক মুক্তিযোদ্ধা দুলাল মিয়া। পুরোনো বাড়িটি ভাঙার জন্য তাঁরা বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছিলেন। ভারী বলে সিন্দুকটি সরাতে পারেননি। গতকাল বাড়িটি ভাঙার সময় সিন্দুকটি স্থানীয় লোকজনের চোখে পড়ে। তারপরই গুপ্তধনের গুজব ছড়িয়ে পড়ে।

দুলাল মিয়া বলেন, বেশ কিছু দিন আগেই তাঁরা বাড়িটি ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। তবে অতিরিক্ত ভারী হওয়ায় সিন্দুকটি নিয়ে যেতে পারেননি। সেটি বাড়ির সিঁড়িঘরে রাখা ছিল। সিন্দুকটি তাঁর বাবার আমলের। বাড়ি ভাঙতে গিয়ে সিন্দুকটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে নানা গুজব ছড়াতে থাকেন। তবে এর ভেতরে তেমন কিছু ছিল না।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, এটি কোনো গুপ্তধনের সিন্দুক না। সবার সামনেই সিন্দুকের তালা ভাঙা হয়। ভেতরে মালিকের ব্যবসায়ের কিছু কাগজ, জমির দলিল, কিছু টাকা ও নতুন-পুরোনো কয়েকটি ধাতব মুদ্রা পাওয়া গেছে। পরে বাড়ির মালিককে সিন্দুক দিয়ে দেওয়া হয়।

ওসি বলেন, ফেসবুকে গুপ্তধনের খবর ছড়ায়। এ জন্য মানুষ ভিড় করেছিল।