
কারও কাছে ‘ঘোড়া শহীদের মাজার’। আবার কেউবা চেনেন ‘গোরা শহীদের মাজার নামে’। সিপাহি বিদ্রোহে ঢাকায় নিহত এক বা একাধিক দেশীয় সৈনিকের সমাধি ‘গোর-এ শহীদ মাজার’টি স্থানীয় রিকশাচালক থেকে এলাকাবাসী—সবার কাছে এই দুই নামেই পরিচিত। আজিমপুর রোডের এই মাজারটির ইতিহাস সম্পর্কে এলাকার অনেকেরই ধারণা নেই। অবহেলায় পড়ে আছে উপমহাদেশের প্রথম স্বাধীনতাযুদ্ধের এই নিদর্শন।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ভারতবর্ষের স্বাধীনতা খোয়ানোর ১০০ বছর পর ১৮৫৭ সালের ২৯ মার্চ ব্যারাকপুরে বিদ্রোহের সূত্রপাত হয়। তারপর ১০ মে মিরাটে কোম্পানি শাসনের বিরুদ্ধে দেশীয় সিপাহিদের বিদ্রোহ জোরালো হয়ে ওঠে এবং ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহটি ‘সিপাহি বিদ্রোহ’ নামে পরিচিত।
মুনতাসীর মামুন তাঁর ঢাকা: ১৮৫৭ সালের বিদ্রোহ দলিলপত্র বইতে বলেছেন, বিদ্রোহের কেন্দ্র থেকে তৎকালীন পূর্ববঙ্গের দূরত্ব অনেক হলেও এখানেও এর রেশ এসে পৌঁছেছিল। ঢাকার যুদ্ধটি শুরু হয় ১৯৫৭ সালের ২২ নভেম্বর। ইংরেজ নৌসেনাদের সঙ্গে দেশীয় সৈন্যদের সংঘর্ষ হয় লালবাগ দুর্গে। এ সংঘর্ষে ৪১ জন সিপাহি ও তিনজন ইংরেজ নৌসেনা নিহত হন।
নাজির হোসেনের কিংবদন্তীর ঢাকা বইটি থেকে জানা যায়, কেল্লার ভেতরে যেসব সিপাহি নিহত হন, তাঁদের একটি অংশকে যে এলাকায় দাফন করা হয় তার নাম হয়ে যায় ‘গোর-এ শহীদ’। বইয়ে তিনি আরও বলেন, বর্তমান সলিমুল্লাহ এতিমখানার দক্ষিণ-পূর্বে যে কটা কবর বা মাজার রয়েছে, তার সবই ১৮৫৭ সালের বিদ্রোহে শহীদ সিপাহিদের সমাধি। এই এলাকাটিও যে এককালে গোর-এ শহীদ নামেই পরিচিত ছিল তা লালবাগের ‘গোর-এ শহীদ প্রাথমিক বিদ্যালয়’ আর আজিমপুর এতিমখানার ‘গোর-এ শহীদ মসজিদ’-এর নামকরণ থেকে বোঝা যায়।
গত মঙ্গলবার গিয়ে দেখা যায়, গোর-এ শহীদ মাজার নামে আজিমপুর-লালবাগের সংযোগস্থলে একটি কবর টিকে আছে। সমাধিটির ঘরের গায়ে এর নাম লেখা আছে ‘গৌর-এ শহীদ’। সাদা টাইলসের দেয়ালঘেরা ছোট মাজার ঘরটি মোটামুটি পরিষ্কার-পরিচ্ছন্ন। লালসালু দিয়ে ঢাকা সমাধির ওপর শুকনো গাঁদা ফুলের মালা। তবে কোথাও সমাধিস্থের পরিচয় বা সিপাহি বিদ্রোহ প্রসঙ্গে কিছু লেখা নেই। গোর-এ শহীদ মাজারটি বর্তমানে হাজি রহিম বকশের পরিবারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তাঁর এক নাতি বলেন, মালিকানা সূত্রে এই মাজার ও সংলগ্ন জমির মালিক তাঁরা। তিন পুরুষ ধরে মাজারটি তাঁরা দেখভাল করছেন। তবে মাজারটি কার সে সম্পর্কে তাঁরা জানেন না।
এলাকার ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনিও বলেন, এই মাজারের ইতিহাস সম্পর্কে তাঁর কিছু জানা নেই। ছোটবেলা থেকে দেখছেন এলাকার একটি পরিবার এর দেখভাল করে আসছে। এলাকার অধিকাংশ বাসিন্দাও এই সমাধির সঙ্গে সিপাহি বিদ্রোহের সম্পৃক্ততার কথা জানেন না। এর নামটিও উচ্চারণ করেন বিকৃতভাবে। সমাধি-সংলগ্ন একটি দোকানের মালিক ও এলাকার অধিবাসী মো. বাদল (৫০) বলেন, ‘কার মাজার জানি না। তয় এই মাজারে মাইনষে মানত করে মাটির ঘোড়া এনে তার ঠ্যাং ভাঙ্গে। তাইলে চোরের ঠ্যাংও ভাঙ্গে কইয়া মাইনষে কয়। এর লাইগা ঘোড়া শহীদ ডাকে।’
সিপাহি বিদ্রোহের বিস্মৃত এই সমাধি ও এর রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে চাইলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন বলেন, ‘এই মুহূর্তে কিছু বলতে পারছি না। পরে খোঁজ নিয়ে বলতে হবে।’