সিপাহীবাগে গুলিতে নিরাপত্তাকর্মী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাতে খায়রুল ইসলাম (২৩) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। পুলিশ জানায়, সিপাহীবাগের বালুরমাঠের পাশের একটি বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল। অন্যদের মতো ওই বাড়িতে অতিথি হিসেবে এসেছিলেন ওই এলাকার সোহরাওয়ার্দী ও তাঁর বড় ভাই সাখাওয়াতের স্ত্রী। গতকাল রাত ১০টার দিকে অনুষ্ঠান চলাকালে সোহরাওয়ার্দীর সঙ্গে তাঁর ভাবির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহরাওয়ার্দী তাঁর ভাবিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে খায়রুলের বুকে লাগে। রক্তাক্ত অবস্থায় রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রিভলবার দিয়ে গুলি করে সোহরাওয়ার্দী পালিয়ে গেছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।