সিপিএ গণতন্ত্রের উন্নয়নে কাজ করছে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্রের উন্নয়নের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে যাচ্ছে সিপিএ। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে গতকাল মঙ্গলবার কমনওয়েলথ দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
স্পিকার শিরীন শারমিন বলেন, সংসদীয় রীতি-পদ্ধতি, আইন প্রণয়নসহ জনসম্পৃক্ততার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে সমগ্র বিশ্বের তরুণ সংসদ সদস্যদের আগামী দিনের গণতন্ত্র বিকাশে সুযোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে সিপিএ কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছি। ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) নিয়ে আগামী দিনে কাজ করতে হবে।’
স্পিকার খাদ্য, জ্বালানি নিরাপত্তা, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ গণতান্ত্রিক উন্নয়ন এবং টেকসই আর্থসামাজিক উন্নয়নে সিপিএভুক্ত দেশগুলোর সংসদ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট উইলিয়াম উপস্থিত ছিলেন।