সিপিএর কর্মসূচির প্রশংসায় রানি এলিজাবেথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী গতকাল বুধবার ব্রিটেনের রানি ও কমনওয়েলথের প্রধান দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় সিপিএর মহাসচিব আকবর খান উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে শিরীন শারমিন বাংলাদেশে অনুষ্ঠেয় সিপিএ সম্মেলন, সিপিএর চলমান কর্মসূচি, সিপিএ রোড শো ইত্যাদি বিষয়ে রানিকে অবহিত করেন। রানি এলিজাবেথ সিপিএর চলমান কর্মসূচির প্রশংসা করে বলেন, সংসদ সদস্যসহ সর্বস্তরের জনগণকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে সচেতন ও সম্পৃক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
স্পিকার বলেন, কমনওয়েলথের উদ্দেশ্য, মূল্যবোধ ও সংসদীয় কার্যক্রমের বিষয়ে তরুণসমাজকে ধারণা দিতে সিপিএ রোড শোর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তরুণসমাজ সংসদীয় গণতন্ত্র সম্পর্কে আরও জানার সুযোগ পাবে।