সিপিএর নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ পদের নির্বাচনে তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী পশ্চিম ক্যারিবীয় সাগরের কেইম্যান দ্বীপপুঞ্জের আইনসভার স্পিকার জুলিয়ানা ও’কনর কনোলিকে পরাজিত করেন।
নির্বাচনে শিরীন শারমিন পেয়েছেন ৭০ ভোট। জুলিয়ানা পেয়েছেন ৬৭ ভোট। ক্যামেরুনের রাজধানী ইয়াও-উন্দেতে সিপিএর ৬০তম সম্মেলনে এই নির্বাচন হয়। রাত আটটা ২০ মিনিটে ইয়াওউন্দে থেকে স্পিকারের একান্ত সচিব কামাল বিল্লাহ টেলিফোনে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।
শিরীন শারমিন প্রথম বাংলাদেশি হিসেবে সিপিএর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন। সিপিএর গঠনতন্ত্র অনুযায়ী তিনি তিন বছর ৩৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
সংসদ সচিবালয় জানায়, বাংলাদেশ সময় গতকাল বিকেল পৌনে চারটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ছয়টায়। রাত আটটার দিকে ভোটের ফল ঘোষণা করা হয়।
৬ অক্টোবর সিপিএর সম্মেলন শুরু হয়। তবে সম্মেলনের প্রাথমিক কর্মকাণ্ড শুরু হয় ৩ অক্টোবর। ৪ অক্টোবর শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে হুইপ শহীদুজ্জামান সরকার, সাংসদ ইমরান আহমেদ, সাগুফতা ইয়াসমীন ও ওয়ারেসাত হোসেন ইয়াওউন্দেতে যান। এঁরা সিপিএ নির্বাচনের ভোটার।
শিরীন শারমিন গত ৭ আগস্ট সিপিএর নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়নপত্রে সমর্থন জানান ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন ও সিঙ্গাপুরের আইনসভার স্পিকার হালিমাহ ইয়াকব।
সিপিএতে কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের কেন্দ্রীয় ও রাজ্য মিলিয়ে মোট ১৭৫টি আইনসভার প্রতিনিধিত্ব রয়েছে। এর ভোটার সংখ্যা ৩২১। ১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় সংসদ সিপিএর সদস্যপদ লাভ করে।