সিপিডি নিয়ে সংবাদ বিষয়ে অর্থমন্ত্রীর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন জাতীয় দৈনিকে গত রোববার প্রকাশিত ‘সিপিডির পূর্বাভাস কখনো ঠিক হয় না’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রীর পক্ষে ই-মেইলে প্রতিবাদপত্রটি পাঠিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান। এতে অর্থমন্ত্রী বলেছেন, ‘গত রোববার বিভিন্ন সংবাদপত্রে আমার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) একটি আলোচনা সভায় আমি বলেছি যে সিপিডির পূর্বাভাস কখনো সঠিক হয় না। এ সংবাদটি আমাকে হতভম্ব করে দিয়েছে এবং আমার মনে হয়, সিপিডির সঙ্গে আমার দূরত্ব তৈরি করতে কতিপয় সাংবাদিক উদ্দেশ্যমূলকভাবে এ সংবাদটি বিতরণ করেছেন।’অর্থমন্ত্রী বলেন, ‘সিপিডির বিশ্লেষণ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমার আপত্তি হচ্ছে, যখন সিপিডির প্রতিনিধি বলেন যে প্রবৃদ্ধির হারটি রাজনৈতিক প্রভাবে উপস্থাপন করা হয়েছে।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘সিপিডির পূর্বাভাস সম্পর্কে মন্তব্য করার এখতিয়ার আমার আছে বলে মনে হয় না। তাহলে সিপিডির বিভিন্ন সমীক্ষা ও প্রতিবেদন আমাকে খতিয়ে দেখতে হবে। আমার ধারণা, সিপিডি সমসাময়িক অর্থনীতি বিষয়ে সংলাপের ক্ষেত্রে একটি মূল্যবান ধারা প্রতিষ্ঠা করেছে এবং তাদের বিশ্লেষণ অন্য সূত্রে প্রাপ্ত তথ্যের ওপর নির্ভরশীল বলে তার সঙ্গে বিতর্কের অবকাশ থাকে না।’