সিপিবি ও বাসদের সুন্দরবন রক্ষা অভিযাত্রা আজ
রামপালে বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবন বিধ্বংসী সব প্রকল্প বাতিল এবং প্রাণবৈচিত্র্য, প্রকৃতি পরিবেশ রক্ষার দাবিতে আজ বুধবার ‘সুন্দরবন রক্ষা অভিযাত্রা’ শুরু হচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এই অভিযাত্রার আয়োজন করেছে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অভিযাত্রার উদ্বোধনী সমাবেশ হয়। এ সময় জানানো হয়, আজ সকাল নয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অভিযাত্রা শুরু হবে। সমাবেশে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে যে বিদ্যুৎ প্রকল্প করা হচ্ছে, ভারতের আইনে তা ওই দেশে করা সম্ভব নয়। ভারতে এ ধরনের তিনটি প্রকল্প বাতিল করা হয়েছে। অথচ দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে বাংলাদেশে এ ধরনের প্রকল্প নেওয়া হয়েছে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রমুখ।
গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ: সুন্দরবন রক্ষায় ১৬-১৮ অক্টোবর ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে রোডমার্চের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।