নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল
সিপিবি, ওয়ার্কার্স পার্টি ও সেক্টর কমান্ডারস ফোরামের সন্তোষ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দেশের সর্বোচ্চ আদালতে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। গতকাল বুধবার পৃথক বিবৃতিতে এই সন্তোষ জানানো হয়।
রায়ের প্রতিক্রিয়ায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বলেন, নিজামীর ফাঁসির দণ্ড উচ্চ আদালতে বহাল থাকায় দেশবাসীর সঙ্গে আমরাও সন্তোষ প্রকাশ করছি। এই রায় ন্যায়বিচারের পক্ষে। একই সঙ্গে বিবৃতিতে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াত-শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
পৃথক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, এ রায়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের ঋণ শোধের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। বিবৃতিতে তাঁরা আরও বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিচারের রায় কার্যকর করার পর থেকেই পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কূটনৈতিক সীমা লঙ্ঘন করছে। সর্বশেষ সাকা চৌধুরী-মুজাহিদের সাজা কার্যকর করার পর তা সব সীমা অতিক্রম করে। আর নিজামীর রায় দেওয়ার ঠিক এক দিন আগে ইসলামাবাদে কর্মরত বাংলাদেশি কূটনীতিককে প্রত্যাহার করার অনুরোধ করে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে পাকিস্তান। এ অবস্থায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সারা দেশের অন্যতম প্রধান দাবি।
সেক্টর কমান্ডারস ফোরামের বিবৃতিতে বলা হয়, এ রায় বাংলাদেশের জন্য নতুন এক বিজয়। ফোরাম মনে করে, এ রায়ের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কলঙ্কমুক্তির পথে আরও এক ধাপ অগ্রসর হবে। বিবৃতিতে নিজামীর ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়।
এ ছাড়া এ রায়ে সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম, চেতনায় মুক্তিযুদ্ধ, নতুনধারা বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। বিজ্ঞপ্তি।