সিপিবি-ওয়ার্কার্স পার্টির একাংশ একীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে একীভূত হয়েছে। বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এই ঐক্যের ঘোষণা দেওয়া হয়। এ সময় বলা হয়, ঐক্যবদ্ধ দলটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নামেই কর্মকাণ্ড চালাবে।দুই দলের এক যুক্ত ঘোষণায় বলা হয়, ১৯৬৬ সালে মস্কো-পিকিং নীতিগত বিরোধের সূত্র ধরে এ দেশে কমিউনিস্ট ও বামপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। বহু বিভক্তি দেখা দিয়েছিল। আজকের এ ঐক্যের মধ্য দিয়ে এর বিপরীত প্রক্রিয়া, অর্থাত্ কমিউনিস্ট ও বামপন্থীদের ঐক্যের প্রক্রিয়া শুরু হলো। এ ধারা অব্যাহত থাকবে।জানা গেছে, গতকাল সকালে দুটি দল নিজ নিজ কেন্দ্রীয় কমিটির সভায় একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে। বিকেলে সিপিবির কার্যালয়ে দুই দলের কেন্দ্রীয় কমিটির নেতারা সভায় মিলিত হন। সেখানে হায়দার আকবর খান রনো, মো. হাবিবুর রহমান ও শাহরিয়ার মো. ফিরোজকে একীভূত পার্টির কেন্দ্রীয় কমিটিতে সংযুক্ত (কোঅপ্ট) করা। এ ছাড়া রনোকে পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়।ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) কেন্দ্রীয় কমিটির সবাই এ ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হননি। তাঁরা বর্তমান অবস্থানে থেকেই কর্মকাণ্ড চালাতে এবং আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চান। গত জাতীয় নির্বাচনের আগে নীতিগত দ্বন্দ্বের কারণে তাঁরা ওয়ার্কার্স পার্টি থেকে বেরিয়ে গিয়েছিলেন।সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, শোষণমুক্ত বাংলাদেশ গড়তে বুর্জোয়া নেতৃত্ব যেমন ব্যর্থ হয়েছে, তেমনি কমিউনিস্ট-বামপন্থীরাও জনগণের সামনে নিজেদের আস্থাভাজন বিকল্প হিসেবে প্রমাণ করতে পারেনি। এর প্রধান কারণ তাদের মধ্যে অনৈক্য। মস্কো-পিকিং মতদ্বৈধতাকে ভিত্তি করে শুরু হওয়া এই অনৈক্য এক বিরাট ট্র্যাজেডি।সিপিবির সভাপতি বলেন, ‘ওই ঐতিহাসিক ভুল সংশোধন করে কমিউনিস্ট ও বামপন্থীদের ঐক্যবদ্ধ করতে বেশ কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছিলাম। এ নিয়ে ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণতান্ত্রিক বিপ্লবী জোটসহ অনেকের সঙ্গেই আলাপ-আলোচনা হয়েছে এবং হচ্ছে।’ব্রিফিংয়ে রনো বলেন, প্রায় সাড়ে চার দশক আগে বিপুল উত্সাহে যে বিভক্তি-প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম, তা সঠিক ছিল না। এর ধারাবাহিকতায় আরও অনেক ভুল হয়েছে। আজ তার উল্টো ধারা শুরু হলো। এ ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ দেশে বামপন্থীদের একটি কার্যকর বিকল্প শক্তি হিসেবে গড়ে তুলতে সবাইকে একটি লাল ঝান্ডার তলে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।ব্রিফিংয়ে যুক্ত ঘোষণা পাঠ করেন পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। এ সময় প্রবীণ কমিউনিস্ট নেতা জসিম উদ্দিন মণ্ডল, শহীদুল্লাহ চৌধুরী, শাহাদত হোসেন, শাহ আলম, আবু জাফরসহ কেন্দ্রীয় নেতারা ও বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।