সিপিবি নেতার হত্যাকারীদের তথ্য পেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নোয়াখালীর সদর উপজেলা কমিটির সভাপতি কমরেড মফিজুর রহমান হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়েছেন গ্রেপ্তার হওয়া মাইক্রোবাসচালক বেলাল হোসেন (৩০)।
গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে থাকা অবস্থায় বেলাল চরজব্বার থানার পুলিশকে ওই তথ্য দেন। গত বৃহস্পতিবার বেলালকে তিন দিনের রিমান্ডে নেয় সুবর্ণচরের চরজব্বার থানার পুলিশ।
জানতে চাইলে হত্যাকারীদের বিষয়ে তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবির। গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে তিনি বলেন, বেলালের কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত যাদের নাম পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২৭ এপ্রিল রাতে দুর্বৃত্তরা সিপিবির নোয়াখালী জেলা শাখার সদস্য ও সদর উপজেলা সিপিবির সভাপতি মফিজুর রহমানকে (৬০) গলা ও হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করে। স্থানীয় ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে সুবর্ণচরের চরজব্বার থানার পুলিশ স্থানীয় আল-আমিন রোডের মাথার কাছের একটি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করে।