সিপিবি বাম বিকল্প শক্তির ভরকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, গত ৪০ বছরে ধনিক শ্রেণীর দলগুলো দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। এর থেকে উদ্ধারের একমাত্র পথ বাম বিকল্প শক্তির উত্থান। আর সেই বিকল্পের ভরকেন্দ্র হচ্ছে সিপিবি।গতকাল মঙ্গলবার সিপিবির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত লাল পতাকার সমাবেশে মনজুরুল আহসান খান এ কথা বলেন। জনগণকে সিপিবির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ সঠিক বিপ্লবী পার্টি চিনে নিতে না পারলে ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।মনজুরুল আহসান খান বলেন, মার্কিন সাম্রাজ্যবাদসহ অন্যান্য আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে বিভিন্ন সময়ে সেনা অবস্থান ও তৎপরতা চালিয়ে যাচ্ছে। একদিকে মেহনতি মানুষের দুর্বিষহ জীবন, আরেকদিকে লুটেরা শ্রেণীর বিপুল সম্পদ দেশটাকে একটা টাইম বোমার ওপর দাঁড় করিয়ে দিয়েছে। তিনি বলেন, সিপিবি দেশের স্বাধীনতা রক্ষায় এবং শোষিত মানুষের মুক্তির লক্ষ্যে আপসহীন সংগ্রাম চালিয়ে যাবে।দলের ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে এ সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব, ঢাকা উত্তর এলাকার মেয়র পদপ্রার্থী কাফি রতন, জলি তালুকদার প্রমুখ বক্তব্য দেন।