সিপিবি-বাসদের জনসভার অনুমতি না দেওয়ায় নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি-বাসদের জনসভার অনুমতি নিয়ে পুলিশ প্রশাসন টালবাহানা করছে বলে দল দুটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে এই অভিযোগ করেন। তাঁরা জনসভার অনুমতি নিয়ে টালবাহানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, সিপিবি-বাসদ গত ২৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েও পায়নি। অথচ ১৮-দলীয় জোটকে একই স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।
আজ বিক্ষোভ সমাবেশ: পাবনার সাঁথিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের বসতবাড়ি ও মন্দিরে হামলাকারীদের শাস্তি ও আক্রান্ত ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার দাবিতে আজ বুধবার বিকেল চারটায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে সিপিবি ও বাসদ। বিজ্ঞপ্তি।