সিপিবি-বাসদের রেল রক্ষা অভিযান ও জনসভা
নীলফামারীর সৈয়দপুর শহরের তামান্না মোড়ে গতকাল বৃহস্পতিবার রেল রক্ষা অভিযান ও এক জনসভার আয়োজন করা হয়। বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ওই কর্মসূচি পালন করে।
জনসভায় সভাপতিত্ব করেন সিপিবির উপজেলা শাখার সভাপতি নূরুজ্জামান জোয়ার্দার। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোজাহেদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির নেতা বজলুর রহমান রশীদ, রুহিন হোসেন, আকতার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘রেল হচ্ছে পরিবেশবান্ধব ও নিরাপদ যোগাযোগ মাধ্যম। গরিবের বাহন রেল রক্ষায় আমরা অভিযাত্রায় নেমেছি। দফায় দফায় ভাড়া বৃদ্ধি হলেও রেলযাত্রীদের সেবা বাড়ানো হয়নি।’ তাঁরা সৈয়দপুর, চট্টগ্রাম ও পার্বতীপুর রেলওয়ে কারখানার আধুনিকায়ন দাবি করেন। এ ছাড়া বক্তারা লোকবল নিয়োগসহ বন্ধ রেলওয়ে স্টেশন ও রেলপথ চালুর দাবি জানান।
এর আগে দুর্নীতি, ভুলনীতি, অপচয় বন্ধ করো ও যাত্রী অধিকার প্রতিষ্ঠা করো স্লোগান দিয়ে রেল রক্ষা অভিযাত্রা দলটি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।