সিপিবি-বাসদের ‘কৃষক সংহতি সপ্তাহ’ আজ শুরু
আজ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ‘কৃষক সংহতি সপ্তাহ’ পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। কর্মসূচিকালে সারা দেশে এক হাজার হাটে হাটসভা করার লক্ষ্য রয়েছে সংগঠন দুটির। সিপিবি-বাসদের জাতীয় সমাবেশ থেকে ঘোষিত দুই মাসব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে কৃষক সংহতি সপ্তাহ পালন করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাটসভাগুলোতে শাহবাগ প্রজন্ম চত্বরের গণজাগরণের দাবি তথা জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক রাজনীতি ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা, মানবতাবিরোধীদের ন্যায়বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সার, বীজ, কীটনাশকসহ সব কৃষি উপকরণের দাম কমানো, ধান, পাট, আলুসহ কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম প্রাপ্তি নিশ্চিত করা, খেতমজুরদের জন্য সারা বছর কাজের ব্যবস্থা ও তাদের ট্রেড ইউনিয়নের অধিকার প্রদানের দাবি তুলে ধরা হবে।