সিপিবির সমাবেশে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ
১৫ বছর আগে ঢাকার পুরানা পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
গতকাল বুধবার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী শহীদবেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় নেতারা।
শ্রদ্ধা নিবেদনের পর সেখানে সমাবেশ করে সিপিবি। এতে দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বামপন্থীদের অগ্রযাত্রা থামাতেই সিপিবির সমাবেশে বোমা হামলার মাধ্যমে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। তৎকালীন সরকার এই হামলাকে সিপিবির অভ্যন্তরীণ কোন্দল বলে চালিয়ে দিতে চেয়েছিল।
২০০১ সালের ২০ জানুয়ারি পুরানা পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা হয়। এতে পাঁচজন মারা যান। আহত হন বেশ কয়েকজন।
অন্যান্য দল ও সংগঠনের শ্রদ্ধা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিকের নেতৃত্বে নেতারা অস্থায়ী বেদিতে ফুল দিয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া ন্যাশনাল গণফোরাম, বাসদ, ন্যাপ, বাংলাদেশের সাম্যবাদী দল, ঐক্য ন্যাপ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, নাগরিক ঐক্য, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ খেতমজুর সমিতি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, বাংলাদেশ যুব ইউনিয়ন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সাপ্তাহিক একতা, সিপিবি নারী সেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী অস্থায়ী শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।