সিলেটে সিপিবি ও বাসদের সমাবেশে ছাত্রলীগের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ নিয়ে গতকাল সোমবার সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, টেলিফোনে প্রধানমন্ত্রী অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও মনজুরুল আহসান খানকে আশ্বস্ত করেন। এরই মধ্যে ছাত্রলীগের সিলেট জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। আইনগত আরও ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
জানতে চাইলে মনজুরুল আহসান খান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেন।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গেও ফোনে যোগাযোগের চেষ্টা করেন।
এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সিপিবির নেতা মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়ার সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। তিনি সিলেটের ঘটনায় তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেন বলে জানা গেছে।